আসিফ মাহমুদের দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি নন মির্জা ফখরুল

আসিফ মাহমুদের দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি নন মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করব না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলব।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, এটির কোনো প্রয়োজন নেই। কারণ, বিশেষ একটি সময়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা সিংহভাগ কাজ করতে পেরেছেন। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো কাজ করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা যতটা খারাপ বলা হয়, ততটা খারাপ নয়। আগের চেয়ে উন্নতি হয়েছে। অর্থনীতি অনেক ইতিবাচক। ব্যাংক খাত নিয়ন্ত্রণে এসেছে। বিগত সময়ে এসব খাত ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একটা বড় ঝড় গেছে। দেশে একটা গণ-অভ্যুত্থান হয়েছে। এক দিনে সব ঠিক হয়ে যাবে না। নির্বাচিত সরকার এসেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। তাই যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন