ঈদ উপলক্ষ্যে তিন দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে ঢাকা ওয়াসার পানির এটিএম বুথের সেবা চালু হচ্ছে। ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকগণ পূর্বের ন্যায় পানি সংগ্রহ করতে পারবেন।
এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত মোট তিন দিন বুথের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ড্রিংকওয়েল। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড মেশিনে নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ খাবার পানি বেরিয়ে আসে।
কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায় এবং প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়।
