ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সদরঘাট নদীবন্দরে যাত্রীদের চাপ কমাতে এবং বিকল্প নৌপথে যাতায়াতের সুযোগ দিতে এই সার্ভিস শুরু হবে। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা ঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ চলাচল করবে।

ঘোষিত সূচি অনুযায়ী, বছিলা ঘাট থেকে সকালে হাকিমুদ্দিন, শরীয়তপুর ও চাঁদপুর রুটে লঞ্চ ছেড়ে যাবে। দুপুরে ইলিশা ও গলাচিপা এবং বিকেলে আবার ইলিশা রুটে লঞ্চ চলাচল করবে। শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে দুটি লঞ্চ চাঁদপুর এবং একটি বরিশাল রুটে চলাচল করবে, যা সন্ধ্যায় বরিশাল থেকে শিমুলিয়ায় ফিরবে।

এছাড়া, ঈদযাত্রায় যাত্রীসেবা বাড়াতে সদরঘাট নদীবন্দরে প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনে বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন এ সেবা চালু থাকবে। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্যও হুইলচেয়ার সেবা দেওয়া হবে।

বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

আরও পড়ুন