ঈদ উপলক্ষে ১৮ ও ১৯ মার্চ ব্যাংক খোলা থাকবে

ঈদ উপলক্ষে ১৮ ও ১৯ মার্চ ব্যাংক খোলা থাকবে

ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংক ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। পরদিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নিয়মিত ছুটি। সাধারণত এই সময় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে, তবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের চাহিদা বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ওই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে ১০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরিপােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা থাকবে।

ছুটির দিন ব্যাংক লেনদেন সূচি : সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে এবং অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন