কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহের (২৮) মারা গেছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু তাহেরকে আজ সকাল সাড়ে আটটার দিকে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইনহেলিশন বার্নসহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা ছিল আশঙ্কাজনক।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে, যা আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়িকে ক্ষতিগ্রস্ত করে। বিস্ফোরণের সময় অন্তত ১০ জন দগ্ধ হন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে এবং আগুন পরে দিবাগত রাত পৌনে দুইটার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
