কক্সবাজারে সেহেরির সময় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে সেহেরির সময় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ী এলাকায় সেহেরির সময় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মার্চ) ভোরে পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাজিদা আক্তার (২৫), তিনি মো. শফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঘটনার সময় নিহত জাজিদার স্বামী শফিকুল বাড়িতে ছিলেন না। তিনি রোজা শুরুর ২/৩ দিন আগে কাজের জন্য বান্দরবান গিয়েছিলেন। নিহতের শ্বশুর নুরুল বশর বলেন, রোজা শুরুর আগে থেকেই তার স্ত্রী অসুস্থ। রমজানে প্রতিদিন ভোরে জাজিদা সেহেরি তৈরি করতেন। সেহেরির শেষ সময়ের ১০/২০ মিনিট আগে তাকে ডাকতে না পেয়ে তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন জাজিদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

নিহতের বাবা নুরুল ইসলাম জানান, তার মেয়ে জাজিদার স্বামী শফিকুলের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের মধ্যে কলহ শুরু হয়, এবং শ্বশুর-শাশুড়িও তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন। তিনি দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘরের মেঝেতে জাজিদা মৃত অবস্থায় উদ্ধার হয়।

আরও পড়ুন