শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, কচুয়া উপজেলাকে পর্যায়ক্রমে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। তিনি বলেন, নকলমুক্ত কচুয়া একসময় সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল।
শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া থেকেই।
তিনি জানান, এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যাত্রাও কচুয়া থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং ঘোষিত কর্মসূচিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনি এলাকা কচুয়ায় এটাই ছিল তার প্রথম সফর।
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন মিলন। শপথ গ্রহণের পর শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন তিনি।
