কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের সার্চ টিম ভেতরে কাজ করছে।
দোলন আরও বলেন, কদমতলী অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (আপ. ও মেইন) প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দুপুর ১টা ১১ মিনিটে কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৩ ইউনিট, পরে একে একে বাড়তে বাড়তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ভেতরে সার্চ টিম পাঠায়। সার্চ টিম কারখানার ভেতরে গিয়ে ৫টি মরদেহ বের করে নিয়ে আসে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।
