কলারোয়ায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ

কলারোয়ায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে অর্ধশতাধিক নারীর কাছ থেকে টাকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার সকালে উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রাম থেকে অভিযুক্ত মিলন হোসেনের (৪৫) কাছ থেকে ৫২ জন নারীর ছবি ও এনআইডির ফটোকপি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মিলন ফ্যামিলি কার্ডের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। তবে কার্ড না পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, ভুক্তভোগীদের খবর পেয়ে শনিবার সকালে তারা মিলনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। মিলন স্বীকার করেন যে, তিনি ৫২ জন নারীর কাগজপত্র নিয়েছেন।

জহুরুল ইসলাম আরও দাবি করেন, মিলন একজন পেশাদার প্রতারক এবং তার বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনকে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হলেও তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন