কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে এক ইমাম নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শহরের জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের ছেলে সালমান ফারসি জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্রোগে আক্রান্ত হতে পারেন।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
