বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে খাল পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদীর উপর ৪৭ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৮ টাকা ব্যয়ে ৩৩৬.৪০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খনন করা হলে কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাবেন, যা ফসল উৎপাদন বাড়াবে এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হবে। রাজৈর খেয়াঘাটের উপর এই সেতু বাস্তবায়িত হলে আশপাশের কয়েক লাখ মানুষের যোগাযোগ ও কৃষি উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, সেতুটির মাধ্যমে দৌলতপুর, ঘিওর ও টাঙ্গাইলের নাগরপুরসহ কয়েকটি অঞ্চলের সড়ক যোগাযোগের উন্নতি ঘটবে। কৃষকরা কম খরচে তাদের উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবেন, যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-পুরোহিতদের বেতন ভাতা দেওয়া শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু করা হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো নেতাকর্মীর কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলে ওই এলাকায় আর উন্নয়ন করা হবে না। এলাকার উন্নয়নে সহযোগিতা করতে হবে, যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
