গরুর দুধে জেলি, ভোজ্যতেল ও সোডা মিশিয়ে তৈরি করা হচ্ছিল কৃত্রিম ও ভেজাল দুধ, যাকে বাজারে খাঁটি দুধ বলে বিক্রি করা হচ্ছিল। কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালাচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত সোমবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, ঘোষপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গরুর দুধের পরিমাণ বাড়াতে ও ঘন দেখাতে জেলি, তেল ও সোডা মিশাচ্ছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের যৌথ অভিযানে এই ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মিলন ঘোষ (৩০), অরূপ ঘোষ (২৯), স্বপন ঘোষ (৬৮), রামপ্রসাদ ঘোষ (২৯) ও বুদ্ধদেব ঘোষ (২৮) এক লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এছাড়া পার্থ ঘোষ (১৯) নামের একজনকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে যশোরের ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
