গ্রামে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

গ্রামে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে নদীতে ডুবে হুসাইন আদনান (১০) নামে এক শিশু মারা গেছে। পটুয়াখালী শহরের পটুয়াখালী সেতু-সংলগ্ন মাঝগ্রাম এলাকার লাউকাঠি নদীতে রোববার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরিবারের অভিযোগ, ট্রলারে থাকা লোকজন আদনানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। নিহতের মা উম্মে হাবিবা কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমরা কালকে সকালে ঢাকা থেকে আসি ঈদ করতে। আমার ছেলে ট্রলারে উঠার পরে ট্রলার ছেড়ে দেয়। ট্রলারের লোকজন ওকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং চলে যায়। আমার ছেলেটা সাতার জানত না।”

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আদনান তার মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। রোববার দুপুরে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে ট্রলারে ওঠে। পরে সে পড়ে যায় এবং নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযানের পর শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহতের খালা রূপা বলেন, “আমাদের ছেলেটা ঈদ করতে বাড়িতে এসেছিল, কিন্তু আর ঈদ কাটানো হলো না। যারা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তাদের বিচার চাই।” পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। নিহতের মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরও পড়ুন