চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার ভোরে শহরের ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক বশির (৪০) গুরুতর আহত হন। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় সিএনজির যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
