চাঁদপুরে বৃদ্ধাকে হত্যা, পুত্রবধূকে উদ্ধার

চাঁদপুরে বৃদ্ধাকে হত্যা, পুত্রবধূকে উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। একই বাড়ি থেকে তার পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী, এবং উদ্ধার হওয়া হালিমা আক্তার নুরুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী সাহেরা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে বাড়িতে গেলে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু ও মা মারা গেছে। তিনি ঘরে ঢুকে দেখেন পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

আহত হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মুখ বাঁধা অবস্থায় ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। জাবির হুসনাইন সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন