যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে। রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এই অভিযান পরিচালনা করেন।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে চৌগাছার ফুলসারা ইউনিয়নের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে, রুহুল আমিন নামের অপর ব্যবসায়ীকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকেল ৪টায় চৌগাছা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ব্যবসায়ী নিজাম উদ্দিন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান এবং আদালত পরিচালনা করেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। তা ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারী কোষাগারে জমা করা হবে।
