জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ডিআইজির

জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ডিআইজির

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে এই এলাকার নিরাপত্তায়।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ সাংবাদিকদের এ তথ্য জানান। অভিযানের মুখে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন, যার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘আমাদের অভিযান চলমান। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট ৩ হাজার ২০০ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।’ তিনি জানান, এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং আজ থেকে এলাকার নিরাপত্তায় পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প চালু হবে।

আজ ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারী সরঞ্জাম নিয়ে যৌথ অভিযান শুরু করে। অভিযানে কিছু অস্ত্র উদ্ধার ও প্রায় ১৫ জনকে আটক করার কথা জানালেও, মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন বলেন, ‘এখানে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’

পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—জবাবে ডিআইজি আহসান হাবীব ডেইলি স্টারকে বলেন, ‘ক্যাম্পের নিরাপত্তার প্রয়োজনে আমরা এখানে কামান মোতায়েন করব।’

আরও পড়ুন