সুনামগঞ্জের জামালগঞ্জে নিখোঁজ থাকা এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হামিদ (৪৮)। তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামের কাছের দোলতা নদীর সেতুর দক্ষিণ অংশে জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়ক দিয়ে দিনভর ফেনারবাঁক ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের শতশত মানুষ চলাচল করেন। তবে বুধবার বিকেল পর্যন্ত সড়কের পাশে কোন মরদেহ দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে পথচারীরা সড়কের পূর্ব পাশে একটি মরদেহ দেখতে পান। স্থানীয়রা ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামানকে বিষয়টি জানান।
পুলিশ অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার করে এবং পরে জানা যায়, এটি নিখোঁজ ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদের। চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, ‘এটি একটি প্রধান সড়ক, এখানে প্রতিদিন শতশত লোক চলাচল করে। গতকাল বিকেল পর্যন্ত মরদেহ পড়েনি। সম্ভবত রাতের কোনো এক সময় মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।’
জামালগঞ্জ থানার এসআই মাহমুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।
