জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার সময় জামালপুর ফেরিঘাট ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করলে পেছনের মোটরসাইকেল পাশ কাটানোর চেষ্টা করে। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বিস্তারিত তথ্য জানার জন্য ফোর্স পাঠানো হয়েছে।
