জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে প্রবাসীর মৃত্যু

জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে প্রবাসীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম (৪১) জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান চোকদার জানান, শফিকুল ইসলামকে সকালে গৌরনদী থানা পুলিশ একটি পারিবারিক মামলায় আদালতে হাজির করে। আদালত জামিন দিলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘদিন সৌদিতে থাকার পর ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। নিহতদের মধ্যে শফিকুল ইসলামের প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) সামিল আছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন