জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করে আজ (শনিবার) দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। আইনজীবী তাসলিমা জাহান জানান, আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত বাধা নেই।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

আরও পড়ুন