জাহের আলভী স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন

জাহের আলভী স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এই তথ্য অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে নিশ্চিত হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন জাহের আলভী নিজেই। বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর জানান।

পোস্টে জাহের আলভী লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

তিনি জানান, শিগগিরই ঢাকায় ফিরে এ বিষয়ে কথা বলবেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের কাছে অনুরোধ করেন, ‘আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।’

পোস্টের শেষাংশে তিনি তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানান। উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা।

আরও পড়ুন