জুলাই শহীদের ভাইয়ের ওপর ছাত্রলীগ কর্মির ছুরিকাঘাত

জুলাই শহীদের ভাইয়ের ওপর ছাত্রলীগ কর্মির ছুরিকাঘাত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জুলাই শহীদ ইশমামের ভাই মুহিব গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকার চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী।

শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর লোহাগাড়া স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আকস্মিকভাবে একদল ছাত্রলীগ কর্মী মুহিবের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে লোহাগাড়া সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা পালিয়ে যায়। আহতের পরিবারের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা এবং এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। শনিবার রাতেই হামলাকারীদের একজন ছাত্রলীগ নেতা মিনহাজকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী জহির উদ্দিন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন