গণপরিবহনের জন্য জ্বালানি তেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি সংকটের মধ্যে রেশনিং পদ্ধতি আর থাকবে না।
গত শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ শনিবার রাত থেকে শেষ হচ্ছে। রাত থেকে বাসগুলো পর্যাপ্ত তেল পাবে।’
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয়।
নির্দেশনার ফলে একটি মোটরসাইকেল দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার, এসইউভি বা মাইক্রোবাস ২০ থেকে ২৫ লিটার, এবং পিকআপ বা লোকাল বাস ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারছিল। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছিল। যদিও সরকারের নতুন নির্দেশনা গণপরিবহনের জন্য পরিবর্তিত হয়েছে, ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এখনও কোনো নতুন নির্দেশনা আসেনি।
