ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরন্নবী সরকার জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যানসহ কাউকে দেখবো না, একদম সাড়ে তিন হাত মাটির নিচে গেড়ে ফেলবো।’
রানীশংকৈল উপজেলা বাচোর ইউনিয়ন পরিষদ সদস্য আক্কাস আলীকে নূরন্নবী বলেন, ‘পিআইও কি জিনিস তা দেখায় দিব। আমাকে আব্বা ডাকতে হবে। আমি পিআইও আপনার চেয়ারম্যানসহ কাউকে হিসাব করার টাইম নাই।’
তিনি আরও বলেন, ‘আপনার মেম্বার পদ খেতে আমার একটা চিঠির দরকার, একজন অফিসার কে এত সহজ মনে করিয়েন না। আমি চেয়ারম্যানকেই গুনি না, আপনি তো মেম্বার। সে কিভাবে মেম্বারি করতে পারে তা দেখব।’
নূরন্নবী বলেন, ‘আমার একটা চিঠি যথেষ্ট, চিঠি ঢাকায় যেতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে সে সাসপেন্ড হবে, আমি প্রমাণ করে দিব। আপনার মেম্বারি যাবে এবং আপনাকে জেলের ভাত খাওয়াবো। আমার কতদূর ক্ষমতা তা দেখাবো।’
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলতে ফোন করলে তিনি কল রিসিভ করেননি।
