শীতের রেশ কাটতেই বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ ছড়িয়ে পড়েছে। দুপুরের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।
ঢাকা ছাড়াও দেশের আরও ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল। এরপর গত সপ্তাহে আবার বৃষ্টি হয়। তবে রাজধানীতে বৃষ্টি হয়নি, বরং মূলত উপকূলীয় জেলা সাতক্ষীরা ও বরিশালের দিকে বৃষ্টি হয়েছে।
