নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর নতুন সরকারের কাছে মানুষ আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের একাধিক ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন।
এজিএস মহিউদ্দিন খান নারীর নিরাপত্তাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে সরকারের কাছে নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ সহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।
