তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না: ত্রাণমন্ত্রী

তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। তিনি বলেন, সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন ও তিস্তাপাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করা হবে।

সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু এখন থেকে বিক্ষিপ্ত প্রকল্প বন্ধ হবে।

মন্ত্রী আরও বলেন, তিনি তিস্তা আন্দোলনের সঙ্গে জড়িত এবং রংপুরের ২ কোটি মানুষের আকাঙ্ক্ষা তিস্তাকে ঘিরে। সরকার গঠনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে তিস্তা বিষয়ে কথা হয়েছে।

প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে নানা ঘাটতি রয়েছে এবং দেশের অন্য বিভাগের চলমান কিছু প্রকল্প রংপুর বিভাগে অন্তর্ভুক্ত হয়নি, যা অন্তর্ভুক্ত করতে চাই। ভবিষ্যতে রংপুর যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।

মন্ত্রী বলেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পকারখানা তৈরির কথা বলেছেন।

তিনি বলেন, রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে, এখানকার শ্রম সস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মতো রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে এবং শিল্পকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেওয়া হবে।

এর আগে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ত্রাণমন্ত্রী। সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন