তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনে ৫ জন গ্রেপ্তার

তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনে ৫ জন গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব খড়িবাড়ি দিঘীর পাড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৬), মৃত মফিজ উদ্দিনের ছেলে আলিয়ার রহমান (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে তাইজুল ইসলাম (৪৫), মশিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) এবং নুর ইসলামের ছেলে আব্দুল মান্নান (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। গতকাল (সোমবার) রাতে টেপাখরিবাড়ি ইউনিয়নের দিঘীর পার এলাকা থেকে অবৈধ বোমা মেশিন লাগিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। এ সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ওসি শওকত আলী সরকার বলেন, গতকাল রাতে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন