নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময়ে দাম্পত্য কলহের জেরে তার স্বামীর হাতে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধারের পর পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট থেকে স্বামী প্রদীপ চৌধুরী (৩৭) কে আটক করা হয়েছে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করে প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যায় প্রতিমা রাণী। পরবর্তীতে সকালে প্রদীপ দেখে স্ত্রী মারা গেছেন এবং সে বাড়ি থেকে শ্মশানঘাটে চলে যায়।
স্থানীয়রা মৃত্যুর বিষয়টি জানাজানি হলে থানায় সংবাদ দেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রদীপ চৌধুরীকে আটক করা হয়েছে। প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের পর প্রদীপকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।
