নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি শুরু

নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার নওগাঁ জেলা প্রাণীসম্পদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের তাজের মোড়ে অবস্থিত জেলা প্রাণীসম্পদ চত্বর থেকে একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম এবং ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, নিম্ন আয়ের অনেক মানুষ দুধ, ডিম ও মাংস কিনে খেতে না পারায় তাদের আমিষের চাহিদা পূরণ হয় না। ফলে অনেকে অপুষ্টিতে ভুগে থাকেন। নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণীসম্পদ বিভাগের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দুধ ও ডিমের পাশাপাশি সুলভ মূল্যে মাংস বিক্রির পরামর্শও দেন।

সংসদ সদস্যের পরামর্শের পর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান জানান, শিগগিরই সুলভ মূল্যে মাংস বিক্রির কার্যক্রমও শুরু করা হবে।

আরও পড়ুন