নতুন সরকারের শপথ গ্রহণে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নতুন সরকারের শপথ গ্রহণে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বা সীমিত রাখা হবে। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখার জন্য ডিএমপি পাঁচটি বিকল্প সড়ক নির্ধারণ করেছে। মিরপুর রোড থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি-২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে। আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংয়ের জন্য আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করতে হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডির জন্য খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যেতে হবে। মিরপুর রোড থেকে ধানমন্ডির জন্য শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করতে হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে চালকদের এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি সব ধরনের যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য অনুরোধ করেছে।

আরও পড়ুন