নাটোরে হালিমা বেগম (৭০) নামে এক প্রবীণ নারীর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে হালিমা বেগম তার কলেজপড়ুয়া নাতনির সঙ্গে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এসিড ছোড়ে।
হালিমা বেগম তাৎক্ষণিকভাবে নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজে এসিডে দগ্ধ হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থেকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, চামেলি বেগম ও তার প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে ওসি জানান। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
