নারীদের জন্য ইলেকট্রিক বাস চালু হবে ৬ মাসের মধ্যে

নারীদের জন্য ইলেকট্রিক বাস চালু হবে ৬ মাসের মধ্যে

গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর আওতায় ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বাস সার্ভিস চালু করা হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গণপরিবহনের সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে নারীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।

শামসুল হক জানান, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পাশাপাশি অন্যান্য পরিবহন প্রকল্পের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের অভাব রয়েছে এবং এ ব্যাপারে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, “রাজধানীর পূর্ব দিকের এলাকাগুলোতে বিপুল জনগণের বাস করা সত্ত্বেও তারা ভালো গণপরিবহন পাচ্ছেন না। মেট্রো ছাড়াও লাইট রেল, মনোরেল এবং বাস রুট ফ্র্যাঞ্চাইজির মতো অন্যান্য পরিবহন ব্যবস্থা প্রয়োজন।”

শামসুল হক আরও জানান, প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস চালুর বিষয়ে আগ্রহী এবং ১৮০ দিনের মধ্যে নারীদের জন্য এই বাস পরিষেবা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমাদের গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে যা যা প্রয়োজন, তা করতে হবে; যাতে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায়।”

আরও পড়ুন