পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার রাত ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীগঞ্জের পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে মুবাশ্বিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো নাদের পরিবহনের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নেন বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম।

তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন