চট্টগ্রামের পটিয়ায় লবণ মিল শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করছে মিল শ্রমিকরা। বুধবার ৪০টি লবণ মিলের শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেছেন। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে শ্রমিকদের কাজে ফেরাতে মালিক, শ্রমিক ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছেন।
লবণ শিল্প এলাকায় শ্রমিকদের কল্যাণে সমিতি গঠন করা হয়। সমিতির মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা রাখা হয়। প্রতি বছর ২০ রমজানে সদস্যদের মধ্যে এসব টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার সমিতির টাকা নিয়ে ক্যাশিয়ার মো. শামীম পালিয়ে যায়। এ ঘটনার পর শ্রমিকরা কর্মবিরতি পালন করে, ফলে ৪০টি লবণ মিল বন্ধ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, শ্রমিক সমিতির সভাপতি নাজিম উদ্দীনের গাফিলতির কারণে ক্যাশিয়ার পালানোর সুযোগ পেয়েছে। এ ব্যাপারে শ্রমিক সমিতির সভাপতি নাজিম উদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
পটিয়া লবণ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ফরিদ জানান, বিষয়টি সমাধানে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেননি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, তবে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।
