তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রনীতি দেশের জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, কঠিন সময়ে পররাষ্ট্রের দায়িত্বে এলেন, কতটা চ্যালেঞ্জিং হবে। জবাবে শামা ওবায়েদ বলেন, অবশ্যই চ্যালেঞ্জিং, একইসঙ্গে ইন্টারেস্টিং অবশ্যই।
তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি যেটার মতো… আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখব। আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন দীর্ঘ ১৭ বছর পর।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের পররাষ্ট্রনীতি, সেদিকে আমরা নিতে চাই।
পররাষ্ট্রনীতির পরিবর্তন আসবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে যা আমাদের পররাষ্ট্রনীতি হওয়া দরকার সেটা আমরা করব।
