পাঁচ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪

পাঁচ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪

পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর, বরিশাল, রাজবাড়ী, ঢাকা ও ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন—সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব হোসেন (২৭) এবং রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৫৫)। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, আজ দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের আবুলের গোজা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশাচাপায় আনোয়ার মারা যান।

ঢাকা-বরিশাল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন—গৌরনদী উপজেলার শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, ঢাকা থেকে বরিশালমুখী একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়।

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জিলাল হোসেন (৩৯) জেলার কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের দামেজ উদ্দীনের ছেলে। আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন, নিহত মোটরসাইকেল আরোহী বিল্লালের মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতাল রাখা হয়েছে।

রাজধানীর কদমতলী শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহত শাহআলম (১২) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের বাসিন্দা ছিল। সে একটি মানিব্যাগ তৈরি কারখানার শ্রমিক ছিল। আজ ভোররাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহে ট্রাকচাপায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত মো. হোসেন (১৪) সদর উপজেলার কয়রাগাছি গ্রামের শাহিনুর রহমানের ছেলে। আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার নরসিংহপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বারো বাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির জানান, হোসেন ও তার বন্ধু প্রান্ত সাইকেলে করে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন