পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনার চাটমোহরে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

আহত দুইজন হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। আহতরা পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতার শেষে রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে মূমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি, তবে পূর্ববিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, আহতদের রাজশাহীতে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন