দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ২৪১ পয়েন্ট। তবে, গত সপ্তাহে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন প্রায় ২৪ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২৪টির দর বেড়েছে, ৩৮টির দাম কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়নি ২৪টির। সর্বাধিক দরবৃদ্ধিতে অবদান রেখেছে ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
মার্কেট বিশ্লেষকরা জানান, সপ্তাহের শুরুতে একদিনে সর্বোচ্চ দরপতন ঘটে, ফলে শেয়ারের দাম আকর্ষণীয় পর্যায়ে নেমে আসে। এতে বিনিয়োগকারীরা পুনরায় শেয়ার কিনতে আগ্রহী হন। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতের বাজারপ্রভাব নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৫৩১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য ছিল, যা মোট লেনদেনের ২০ দশমিক ৪৬ শতাংশ দখল করেছে।
অন্যদিকে, চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৯৮০ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে গত সপ্তাহে ১৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
