নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাসীর ইসলাম হামজা, পিতা মো. রুবেল। রুবেল জানান, তিনি কুমিল্লায় কাজে ছিলেন এবং ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসেন। তিনি অভিযোগ করেছেন, ভবন মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় তাঁতীদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল মীমাংসার প্রস্তাব দিচ্ছেন।
পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলাকালীন একটি লোহার পাইপ পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল মান্নান বলেন, ‘কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পাইলিংয়ের কাজ চলছিল। এখানে ঠিকাদার ও ভবন মালিকের অবহেলা ছিল।’ তিনি আরও জানান, ‘পরিবার মরদেহ পোস্টমর্টেম করতে চাচ্ছেন না। তারা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’
তাঁতীদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, ‘আমি শিশুটির পরিবারের অনুরোধে বিষয়টি মীমাংসা করার জন্য বসেছিলাম। পরিবারটি গরিব। ঠিকাদার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে।’
