ফরিদপুর ও কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় মুরগীবাহী একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিচের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামাল শেখ (৫০) পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মোটরসাইকেলটি চাপা দিয়ে মুরগীবাহী ট্রাকটি চলে যাওয়ায় সেটি জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একজন ব্যক্তি মারা যান। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (৪৫) পেশায় একজন মহুরি। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা।
কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বাইসাইকেলে কর্মস্থল কুড়িগ্রাম জজ কোর্টে যাওয়ার পথে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আমিনুল ইসলাম গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
