বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, মহাসড়ক অবরোধ

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, মহাসড়ক অবরোধ

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহতের ঘটনায় মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত চামেলি বেগম বেতগাড়ি উত্তরপাড়ার জুয়েল মিয়ার স্ত্রী। তার মামা রেজাউল করিম বলেন, গত বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকচালকসহ চারজন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চামেলি মারা যান। তার দুই বছরের ছেলে সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে।

শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সব-ইন্সপেক্টর মইনুল ইসলাম বলেন, অবরোধের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।

মোশারফ হোসেন দুর্ঘটনায় আহত সোয়াদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেন ও তাদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। পরে সকাল সাড়ে ১০টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

আরও পড়ুন