বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে লাফ দিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন এবং চার জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার দক্ষিণ জ্ঞানপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. হিরু (৪৫) এবং দক্ষিণ চরদুয়ানী এলাকার বেলায়েত গাজীর ছেলে মো. জসিম গাজী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশে জাল ফেলেন। এ সময় আরেকটি কাঠের ট্রলিং ট্রলার তাদের জালের উপরে উঠে যায়। এতে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আরও দুটি মাছ ধরার ট্রলিং ট্রলার এসে হামলা চালায়।
ঘটনার সময় ওই ট্রলারে থাকা চার জেলে আহত হন এবং দুই জেলে সাগরে লাফ দিয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে আহত জেলেদের পাথরঘাটা ঘাটে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জালের পেঁচিয়ে যাওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সাগরে জেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পাথারঘাটা এলাকার বাইরে হলেও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।
