বরিশালে ইউপি সদস্যের বাড়িতে অভিযানে ডিজেল ও চাল জব্দ

বরিশালে ইউপি সদস্যের বাড়িতে অভিযানে ডিজেল ও চাল জব্দ

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল ও সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার বিকেলে চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন ঘরামীর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ির সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল উদ্ধার করা হয়। একই সময় তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগ ছিল সুমন ও তার ভাইয়ের বিরুদ্ধে। অভিযানের সময় তারা মজুতের বিষয়টি স্বীকার করলেও সরকারি চালের বিষয়ে সুমন দাবি করেন, তিনি তা কিনে রেখেছেন। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার বলেন, একজন ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল থাকার কথা নয়। বিষয়টি তার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, জব্দকৃত চালের উৎস খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উদ্ধার করা ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন