বাংলাদেশ পুলিশ বাহিনী সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ০৮ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ০২ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৯ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। আবেদন করার জন্য বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশের মাধ্যমে পাওয়া যাবে।
