বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে: জামায়াত নেতা

বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে: জামায়াত নেতা

জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মাঠের পরিসংখ্যানে বিএনপি হতাশ হয়ে পড়েছে। মাঠে তাদের কোনো ভোট নেই বলেই তারা পাগলা কুকুরের মতো হয়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল আমীন ভূঁইয়া আরও অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে আবুল খায়ের ভূঁইয়ার ধানের শীষের প্রার্থীর পক্ষে থাকা বিএনপির লোকজন তাদের নারী ভোটারদের পিছু নিচ্ছে এবং ভোটকেন্দ্রে যেতে বাধা ও হুমকি দিচ্ছে। তিনি জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তিনি আরও অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর-২ আসনে তাদের দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারসংলগ্ন একটি বাড়িতে নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে স্থানীয় বিএনপির লোকজন বাধা ও গালমন্দ করে। এ খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের আমীর ঘটনাস্থলে গেলে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ছয়জন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা করছিলেন। ওই সময় একটি ঘরে জামায়াতের কিছু নারী কর্মী অবস্থান করছিলেন। হঠাৎ ইউনিয়ন জামায়াতের আমীরসহ কয়েকজন সেখানে এসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হলেও কোনো মারামারি বা আহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

আহত জামায়াত নেতা-কর্মীরা হলেন বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তৈয়ব, যুব বিভাগের ওয়ার্ড সেক্রেটারি মো. তারেক, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন