ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা দিতে না পারায় মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকালে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন