ভূমিকম্পে সাতক্ষীরায় ফাটল, আতঙ্কিত মানুষের মধ্যে ছড়ালো ভীতি

ভূমিকম্পে সাতক্ষীরায় ফাটল, আতঙ্কিত মানুষের মধ্যে ছড়ালো ভীতি

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার। উৎপত্তিস্থল সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। অনেকেই শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানান।

জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাজেবাড়ী এলাকায় একটি মাটির ঘরের ছাদ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে।

আশাশুনি উপজেলার বাসিন্দা আজমীর হোসেন বলেন, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, যা আতঙ্ক ছড়িয়ে দেয়। কলারোয়া পৌর সদরের বাসিন্দা সুরভি আক্তার জানান, কম্পন শুরু হতেই তিনি শিশুকে কোলে নিয়ে দ্রুত বাইরে চলে যান এবং এখনো ভয় কাটেনি।

শহরের মিনি মার্কেট এলাকার শরিফুল ইসলাম জানান, দোকানে কাজ করার সময় হঠাৎ ঝাঁকুনি অনুভব করে তিনি দ্রুত রাস্তায় চলে যান। সাতক্ষীরা আবহাওয়া অফিসের জুলফিকার আলী রিপন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আশাশুনি এলাকায় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন