ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইটবোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনার পর ট্রাকটি আটক হলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয় লোকজন জানান, সিরাজুল ইসলাম তালতলী বাজার থেকে কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন, ফলে ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজনের দাবি, ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হচ্ছে। তারা দুর্ঘটনা রোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো. গোফরান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করি। নিহতের পরিবার বলেছে, তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
